খুলনা ব্যুরো: কোরআন ও সুন্নাহর ভিত্তিতে একটি সৎ ও মানবিক সমাজ গঠনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, ধনী ব্যক্তিরা তাদের সম্পদের প্রকৃত ফায়দা তখনই পাবেন, যখন ইসলামকে প্রতিষ্ঠার আন্দোলনে সম্পৃক্ত হবেন। শুধু জাকাত প্রদান করলেই সমাজের সকল সমস্যা সমাধান হবে না, ইসলামের অন্যান্য মৌলিক বিধানও মেনে চলতে হবে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটিতে অনুষ্ঠিত জাকাত ও উশর শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, মানুষের রচিত আইন-কানুনের কারণে যে বৈষম্য, জুলুম ও শোষণ সৃষ্টি হয়েছে এগুলো থেকে সমাজকে বের করে এনে সুন্দর, স্বাচ্ছন্দ্য জীবন এবং ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা নিশ্চিত করে জাকাত। সে কারণে জাকাত ইসলামে একটি গুরুত্বপূর্ণ ইবাদত।
বাংলাদেশে যত ধনী আছে তারা যদি জাকাত দেন তাহলে আগামী ৫ বছরে বাংলাদেশে একজনও দরিদ্র থাকবে না। সবাই জাকাতদাতা হয়ে যাবে। আমাদের সমাজ জাকাতকে বর্জন করে গণতান্ত্রিক পুঁজিবাদী, তথাকথিত ধর্মনিরপেক্ষ চিন্তাচেতনার ওপর গড়ে উঠার কারণে সমাজের মানুষের শোষণ বঞ্চনা দূর হচ্ছে না। জাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু না হলে এটা দূর করা সম্ভবও হবে না।
তিনি বলেন, প্রচলিত পুঁজিবাদী ও তথাকথিত ধর্মনিরপেক্ষ ব্যবস্থার কারণে সমাজে বৈষম্য, শোষণ ও বঞ্চনা বেড়েছে। অথচ জাকাতভিত্তিক অর্থব্যবস্থা চালু করা হলে সমাজের শোষণ ও দারিদ্র্য দূর হবে এবং ভারসাম্যপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
বাংলাপেইজ/এএসএম



