বরিশাল ব্যুরো: আমরা গণঅভ্যুত্থানের পরে বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করতে হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরো বলেন নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে, চাঁদাবাজ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে। নিজেদের মধ্যে খুনাখুনি করছে। সবার হাতেই রক্ত লেগে রয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল নগরীতে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে নগরীর ফজলুল হক এভিনিউতে পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা রাজনৈতিক সংহিসতা মুক্ত বাংলাদেশের সংস্কৃতি দেখতে চেয়েছিলাম, চাঁদামুক্ত অর্থনীতি দেখতে চেয়েছিলাম। তরুণ প্রজন্মের শক্তি এখনো ঘুমিয়ে যায়নি, তারা রাজপথে এসেছে, বাংলাদেশকে চাঁদাবাজ, দুর্নীতি ও বৈষম্যমুক্ত করেই আমরা ঘরে ফিরব ইনশাআল্লাহ।
নাহিদ ইসলাম তার বক্তব্যে বরিশালের কৃতি সন্তান শেরে বাংলা একে ফজলুল হক ও মহাপ্রান যোগেন্দ্রনাথ মন্ডলের রাজনৈতিক কর্মকাণ্ডের ভূয়শী প্রশংসা করে বলেন, এই দুই মহৎ রাজনীতিবিদের রাজনীতিকে পুনরুত্থান ঘটাবে এনসিপি।
বাংলাপেইজ/এএসএম



