নিজস্ব প্রতিবেদক: পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াত প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ, গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটি বলছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা একটি ভয়াবহ সহিংস পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে সহিংসতার দিকে ঠেলে দিতে চাইছে।
সংসদ সদস্য প্রার্থী ও নেতাকর্মীদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণ এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের প্রতি সরাসরি হুমকি বলেও মনে করছে জামায়াতে ইসলামী।
আজ বৃহস্পতিবার(২৭ অক্টোবর) রাতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, “পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনীয় প্রচারণায় বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের দ্বারা দফায় দফায় সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ, গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।”
বৃহস্পতিবার(২৭ নভেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি জগির মোড় এলাকায় এ বর্বরোচিত হামলায় অধ্যাপক আবু তালেব মন্ডলসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে-যা একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশকে নস্যাৎ করার প্রকাশ্য অপচেষ্টা।
বাংলাপেইজ/এএসএম



