নিজস্ব প্রতিবেদক: দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে ‘রক্তক্ষরণ’-এর সঙ্গে তুলনা করে ব্যবসায়ী সমাজের প্রতি সরকারের উদাসীনতার অভিযোগ তুলেছেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ।
তিনি বলেন, দেশের অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে। আমরা চিৎকার করলেও সরকার শুনছে না। তারা ব্যবসায়ী মহলের কেয়ার করছেন না।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বনানীর পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) কার্যালয়ে মাসিক অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ।
সেপ্টেম্বর-অক্টোবরের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন পিআরআইয়ের চেয়ারম্যান জাইদী সাত্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান।
আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, ২০২২ সালের পর থেকে জ্বালানি সরবরাহ সংকট ক্রমশ বাড়ছে। সরকার দাম বাড়ালেও তা বাজারে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারেনি। ‘ফলে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রায় ৫০ শতাংশ ক্ষুদ্র প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এদের অনেকেই ঢাকায় এসে টেসলা (অটোরিকশা) চালাতে বাধ্য হচ্ছে। এই শহরের জনসংখ্যা ইতোমধ্যে সাড়ে তিন কোটিতে পৌঁছেছে বলেন তিনি।
বাংলাপেইজ/এএসএম



