নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের মাধ্যমে নবগঠিত সরকারকে অভিনন্দন জানিয়ে বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) পক্ষ থেকে বলা হয়েছে, নতুন প্রশাসনের প্রথম এবং প্রধান অগ্রাধিকার হতে হবে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
যার জন্য প্রয়োজন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, একটি স্থিতিশীল বৈদেশিক মুদ্রা বিনিময় ব্যবস্থা নিশ্চিত করা এবং ব্যাংকিং খাতের তারল্য পরিস্থিতির উন্নতি ঘটানো।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সংস্থার চেয়ারম্যান আবুল কাসেম খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। সংস্থাটি ব্যবসা পরিচালনার ব্যয় (কস্ট অব ডুয়িং বিজনেস) কমানোর লক্ষ্যে সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
বিল্ড মনে করে, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার এবং শিল্প উৎপাদনশীলতা বজায় রাখার জন্য একটি স্থিতিশীল অর্থনৈতিক পরিবেশই প্রধান পূর্বশর্ত। ফলে জাতির এ নতুন যাত্রার প্রাক্কালে, টেকসই প্রবৃদ্ধি এবং বেসরকারি খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদ্যমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার জোর দাবি জানিয়েছে সংগঠনটি।
বিল্ড, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এর যৌথ উদ্যোগে পরিচালিত দেশের একটি শীর্ষস্থানীয় পাবলিক-প্রাইভেট ডায়ালগ প্ল্যাটফর্ম।
এটি বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের লক্ষ্যে নীতি সংস্কারের জন্য গবেষণা-ভিত্তিক সহায়তা দিয়ে থাকে।
বাংলাপেইজ/এএসএম



