নিজস্ব প্রতিবেদক: দেশে শিশু ধর্ষণ ও হত্যার মতো ঘৃণ্যতম অপরাধের যাতে আর পুনরাবৃত্তি না হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যার শিকার ৭ বছরের শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
তদন্ত ও আইনি ব্যবস্থার অগ্রগতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আশ্বস্ত করেছি, পুলিশ ডিপার্টমেন্ট দ্রুততার সাথে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং আসামি তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী ১৬৪ ধারায়, ১৬৪ স্টেটমেন্ট যেটা বলি সেটা করেছে। এখন চার্জশিট দেওয়ার পালা।
আমরা রোববার বিকেলের মধ্যে ইনশাল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো এবং তারপর অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচারকার্য সম্পন্ন হয়, সেজন্য আমরা চেষ্টা করবো। যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়, সেজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের জোর চেষ্টা থাকবে।’
ভবিষ্যতে এসব অপরাধ দমনে আইনি সংস্কারের উদ্যোগের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমরা এই রকম ঘৃণ্যতম অপরাধের শিশু ধর্ষণ এবং হত্যা অথবা শুধুমাত্র শিশু ধর্ষণ যাই হোক, এই সমস্ত অপরাধের ক্ষেত্রে যাতে খুব দ্রুততার সাথে এবং সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দেওয়া যায় এবং বিচারকার্য সম্পন্ন করা যায়, সেজন্য যদি আইনে আরও কিছু পরিবর্তন আনতে হয়, সে বিষয়ে আইনমন্ত্রী এখানে আছেন। তিনি আজকে কথা দিয়েছেন, ক্যাবিনেট মিটিংয়ে আমাদের এটা আলোচনা হয়েছে, তিনি সেই বিষয়ে আইনি সংস্কারও সাধন করবেন। যেখানে প্রয়োজনীয় সংশোধন দরকার, সেটা আমরা করবো। এইভাবে আমরা দেশে এরকম ঘৃণ্যতম অপরাধের যাতে আর পুনরাবৃত্তি না হয়, সেজন্য চেষ্টা করবো ইনশাল্লাহ।’



