লন্ডন অফিস: উত্তর ওয়েলসের বাংগর সিটি কাউন্সিলের লিবারেল ডেমোক্র্যাট (লিবডেম) দলের ভাইস চেয়ারম্যান, সাবেক কাউন্সিলর এবং ২০১৫ সালের ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে এমপি প্রার্থী মোহাম্মদ সুলতান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
বুধবার সকাল ১১টা ৫ মিনিটে উত্তর ওয়েলসের বাংগরে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।
মোহাম্মদ সুলতান ছিলেন সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের মোকামদোয়ার গ্রামের মরহুম আব্দুর রহমানের দ্বিতীয় পুত্র। তিনি সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা হিসেবে সমাজসেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিলের নর্থ রিজিয়নের উপদেষ্টা সদস্য এবং বাংগর বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, সিলেটের যুক্তরাজ্য কমিটির ফাউন্ডার পার্মানেন্ট ডোনার মেম্বার, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও-টিভি এবং পিস হোমের ফাউন্ডার প্যাট্রন হিসেবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
ব্যবসায়িক জীবনেও তিনি ছিলেন সফল। ১৯৯০ সালে তাঁর চাচাতো ভাই মোহাম্মদ সুলেমানের সঙ্গে উত্তর ওয়েলসের বাংগর শহরের স্বনামধন্য “মহাভারত” রেস্টুরেন্টের অন্যতম স্বত্বাধিকারী ছিলেন। এছাড়া পোর্টম্যাডগসহ উত্তর ওয়েলসের আরও কয়েকটি রেস্টুরেন্টে অংশীদার হিসেবে যুক্ত ছিলেন। ব্রিটেনে বাংলাদেশি ক্যাটারিং শিল্পের বিকাশেও তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।
মোহাম্মদ সুলতানের মৃত্যুতে যুক্তরাজ্য ও বাংলাদেশের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাতের জন্য দেশ-বিদেশে অবস্থানরত সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।



