লন্ডন অফিস: বিশ্বখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুনাযিরে আযম, বাহরুল উলূম, উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন, শাইখুল হাদিস, মুফতিয়ে আযম ও পীরে কামেল হযরত আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী সাহেব কিবলা (রহ.)-এর স্মরণে যুক্তরাজ্যের লন্ডনে ৬ষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১২ জুলাই (রোববার) লন্ডনের ঐতিহাসিক ব্রিক লেন জামে মসজিদে আয়োজিত এ মাহফিলে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিশিষ্ট আলেম-ওলামা, মুরিদ, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যেও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় আল্লামা দুবাগী (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে। পরে খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে দালায়িলুল খাইরাত, জিকির মাহফিল এবং স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আল্লামা দুবাগী (রহ.)-এর স্মরণে একটি হৃদয়স্পর্শী নাশিদ পরিবেশন করেন মাওলানা ফখরুল ইসলাম।
আল্লামা দুবাগী (রহ.) ঈসালে সাওয়াব মাহফিল কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাঁর জ্যেষ্ঠ পুত্র আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।
মাহফিলে বক্তব্য রাখেন মিনহাজুল কোরআন ইন্টারন্যাশনাল লন্ডনের পরিচালক আল্লামা সাদিক কুরেশী আল-আজহারী, মুহিউল ইসলাম মসজিদের ইমাম আল্লামা শের আহমদ বারকাতী, বাংলাদেশের সাবেক মন্ত্রী আলহাজ শফিকুর রহমান চৌধুরী, দারুল হাদিস লতিফিয়া লন্ডনের সাবেক অধ্যক্ষ মুফতি ইলিয়াস হুসাইন, শায়খুল হাদিস আল্লামা আব্দুল জলিল, মাওলানা ওয়ালিউর রহমান চৌধুরী, মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী, আল্লামা সানাউল্লাহ সেথী, আল্লামা কারী তারিক মাহমুদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা এমদাদুর রহমান আল-মাদানী, মাওলানা আব্দুল মালিক, মাওলানা শফিকুর রহমান বিপ্লবী, অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, হাফিজ মাওলানা আব্দুল জলিল, মাওলানা আমিনুল ইসলাম জোলদুপি, মাওলানা শিহাব উদ্দিন, হাফিজ মাওলানা মারুফ আহমদ, অ্যাডভোকেট মাওলানা সালেহ আহমদ মনসুরী, মুফতি এহসান আহমদ, মাওলানা হুসাম উদ্দিন আল-হুমাইদী, মাওলানা আলী আহমদ, মাওলানা আজিজুর রহমান ও মাওলানা আব্দুল কুদ্দুসসহ আরও অনেকে।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মুহিউস সুন্নাহ চৌধুরী আল-আজহারী, মাওলানা মুছলেহ উদ্দিন, হাফিজ মাওলানা ওয়াহিদ উদ্দিন সিরাজী, মাওলানা মুস্তফা কামাল, হাফিজ মতিউল হক, হাফিজ সাজ্জাদুর রহমান, হাফিজ নাজিম উদ্দিন, হাফিজ শানুর আহমদ, কারী গোলাম আযম, কারী হারুন আহমদ, কারী সুফিয়ান বিল্লাহ, ব্রিক লেন জামে মসজিদের সভাপতি আলহাজ হামিদুর রহমান চৌধুরী, নিউক্রস জামে মসজিদের সভাপতি আলহাজ সালিম রহমান, অধ্যাপক মিসবাহ উদ্দিন কামালসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী (রহ.)-এর জ্ঞানচর্চা, গবেষণা, আধ্যাত্মিক নেতৃত্ব এবং ইসলামের খেদমতে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, যুক্তরাজ্যে ইসলামী জাগরণের অন্যতম অগ্রদূত ছিলেন আল্লামা দুবাগী (রহ.)। প্রায় অর্ধশতাব্দী ধরে তিনি প্রবাসী মুসলিম সমাজে দ্বীনি শিক্ষা, ইসলামী সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বক্তারা আরও বলেন, তিনি শুধু একজন প্রাজ্ঞ আলেম ও বিজ্ঞ মুফতি ছিলেন না; ছিলেন দক্ষ সংগঠক, আদর্শ শিক্ষক, লেখক ও আধ্যাত্মিক পথপ্রদর্শক। তাঁর প্রতিষ্ঠিত বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আজও দ্বীনের খেদমত করে যাচ্ছে। তিনি যুক্তরাজ্য আঞ্জুমানে আল-ইসলাহর প্রতিষ্ঠাতা এবং লন্ডন দারুল হাদিস লতিফিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে মুসলিম সমাজকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আলোচনায় বক্তারা বলেন, একজন শিক্ষকের প্রকৃত পরিচয় তাঁর ছাত্রদের মাধ্যমে প্রকাশ পায়। আল্লামা দুবাগী (রহ.) বিশ্বের বিভিন্ন দেশে হাজারো আলেম তৈরি করেছেন, যারা আজ ইসলামের খেদমতে নিয়োজিত রয়েছেন। তাঁর পাঠদান ছিল গবেষণাভিত্তিক, প্রাঞ্জল ও বাস্তবমুখী। তিনি শুধু পাঠ্যবই ব্যাখ্যা করতেন না; বরং বিষয়গুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট, দলিল ও বাস্তব প্রয়োগও তুলে ধরতেন।
বক্তারা তাঁর চরিত্রের বিনয়, তাকওয়া, আন্তরিকতা, সুন্নাহর অনুসরণ এবং মানবিক গুণাবলির বিশেষ প্রশংসা করেন। তাঁরা বলেন, তিনি বিশ্বাস করতেন—শুধু জ্ঞান অর্জন নয়, বরং সেই জ্ঞানকে চরিত্র ও আমলের মাধ্যমে বাস্তব জীবনে প্রতিফলিত করাই প্রকৃত সফলতা।
২০২০ সালের ১০ জুলাই যুক্তরাজ্যে ইন্তেকাল করেন আল্লামা মুফতি মুজাহিদ উদ্দিন চৌধুরী দুবাগী (রহ.)। তাঁর ইন্তেকালে বিশ্বের বিভিন্ন দেশে শোকের ছায়া নেমে আসে। বক্তারা বলেন, একজন সত্যিকারের আলেম কখনও মৃত্যুবরণ করেন না; তাঁর রেখে যাওয়া জ্ঞান, ছাত্র, প্রতিষ্ঠান, গ্রন্থ ও আদর্শের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে চিরজীবী হয়ে থাকেন। অনুষ্ঠানের শেষ পর্বে মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন আল্লামা দুবাগী (রহ.)-এর জ্যেষ্ঠ পুত্র আল্লামা জিল্লুর রহমান চৌধুরী দুবাগী।



