নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি কোম্পানির কাছে ১৫ বছরের জন্য কনসেশনে দেওয়ার উদ্যোগ বাতিলের দাবি জানিয়েছে বন্দর রক্ষা ও করিডোরবিরোধী আন্দোলন। দাবি না মানলে বন্দর অভিমুখে লংমার্চসহ কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে বক্তারা এ হুঁশিয়ারি দেন। এর আগে তারা মশাল মিছিল করেন। সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহি শাহারিয়া রেজা বলেন, ক্ষমতা গ্রহণের আগে ২৫ নভেম্বর তারেক রহমান বলেছিলেন, বন্দর দেশের কৌশলগত সম্পদ এবং জনগণের সঙ্গে আলোচনা ছাড়া তা বিদেশিদের হাতে তুলে দেওয়া যায় না।
কিন্তু ক্ষমতা গ্রহণের সাত মাসের মাথায় জনগণের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ১৫ বছরের জন্য বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নিউমুরিং কনটেইনার টার্মিনালটি বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত এবং বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। গত অর্থবছরে এটি এক হাজার কোটি টাকার বেশি লাভ করেছে এবং এর সক্ষমতার প্রায় ১০০ শতাংশ ব্যবহার হচ্ছে।
তিনি বলেন, এমন একটি লাভজনক টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত শুধু অর্থনৈতিকভাবে নয়, রাজনৈতিক ও সার্বভৌমত্বের দিক থেকেও আত্মঘাতী। নিউমুরিং কনটেইনার টার্মিনালের পাশে বাংলাদেশ নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে। ফলে টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে গেলে নৌবাহিনীর স্পর্শকাতর তথ্য বিদেশিদের হাতে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। এই টার্মিনালের আয় দিয়ে দেশের বিভিন্ন অবকাঠামো ও টার্মিনাল নির্মাণে অর্থায়ন করা হয়েছে। তাই লাভজনক এই প্রতিষ্ঠান বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ কেন নেওয়া হচ্ছে, সে প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে।
মাহি শাহারিয়া রেজা বলেন, জনগণের সঙ্গে আলোচনা ছাড়া সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। এর আগেও ফুলবাড়ী কয়লাখনি বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু জনগণের আন্দোলনের মুখে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
আজও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে জনগণ তা মেনে নেবে না। সব গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করুন। অন্যথায় জনগণ ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলনের মাধ্যমে এসব সিদ্ধান্ত প্রতিহত করবে এবং প্রয়োজনে সরকারকেও ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে।
বাংলাদেশ হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ বলেন, ১ অক্টোবর মন্ত্রিসভা চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির সঙ্গে ১৫ বছরের কনসেশন চুক্তির জন্য নীতিগত অনুমোদন দিয়েছে।
এটি একটি লাভজনক প্রতিষ্ঠান। গত বছর এ টার্মিনাল থেকে প্রায় ৬ হাজার ৬৩৮ কোটি টাকা এবং তার আগের বছর ৫ হাজার ৪৩৮ কোটি টাকা রাজস্ব এসেছে। প্রতিবছর বিপুল রাজস্ব দেওয়া এমন একটি প্রতিষ্ঠান কেন বিদেশি কোম্পানির কাছে কনসেশনে দেওয়া হবে- এ প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে। বন্দরের পরিচালনায় অপারেটর নিয়োগ বা জয়েন্ট ভেঞ্চারসহ বিকল্প মডেল থাকলেও কনসেশন সবচেয়ে ক্ষতিকর।
তিনি বলেন, বিদেশি কোম্পানিকে কনসেশনে দেওয়া হলে দেশের অর্থনৈতিক স্বার্থ, সার্বভৌমত্ব ও কৌশলগত নিরাপত্তা হুমকির মুখে পড়বে। টার্মিনাল থেকে বছরে প্রায় ১৪৫ মিলিয়ন ডলার রাজস্ব এলেও কনসেশন চুক্তিতে বাংলাদেশ মাত্র ২৩ মিলিয়ন ডলার পাবে- এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই বন্দর রক্ষা আন্দোলনের পক্ষ থেকে এই চুক্তি না করার দাবি জানাচ্ছি। সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না এলে সারা দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে বন্দর অভিমুখে লংমার্চসহ কঠোর আন্দোলনের মাধ্যমে চুক্তি বাতিল করতে সরকারকে বাধ্য করা হবে।



