জ্যেষ্ঠ প্রতিবেদক: তারল্য পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমানতের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৫ অক্টোবর থেকে ব্যাংকটির গ্রাহকেরা প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মেলিতা মেহজাবীন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদুল হক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় গভর্নর ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন।
বাংলাদেশ ব্যাংক জানায়, ‘আমানতকারীরা যাতে তাদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারে, সে লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক পিএলসির সব শাখা, এটিএম বুথে প্রয়োজনীয় নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার জন্যও নির্দেশনা প্রদান করেন গভর্নর।’
দীর্ঘদিন ধরে ঋণ অনিয়ম, খেলাপি ঋণ ও তারল্য সংকটে ভুগছে ন্যাশনাল ব্যাংক। সংকটের কারণে ব্যাংকটি এতদিন গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমানতের টাকা ফেরত দিতে পারছিল না। এতে ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থায়ও চাপ তৈরি হয় এবং নতুন আমানত সংগ্রহ কমে যায়।
সংকট সামাল দিতে বাংলাদেশ ব্যাংক থেকে তারল্য সহায়তা নিয়ে ব্যাংকটি কার্যক্রম চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে ব্যাংকটির তারল্য পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ব্যাংকটির সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ন্যাশনাল ব্যাংকের লোকসান হয়েছে ২ হাজার ২৮৬ কোটি টাকা। এ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৭ টাকা ১০ পয়সা।
এর আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৩ টাকা ৬ পয়সা। টাকার অঙ্কে ওই সময়ে ব্যাংকটির লোকসান ছিল ৯৮৫ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির লোকসান উল্লেখযোগ্যভাবে বেড়েছে।



