Homeআজকের শীর্ষ সংবাদবিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে নির্বাচনে প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পদে প্রার্থী...

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে নির্বাচনে প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পদে প্রার্থী খালেদ মাসুদ রনি

বাংলাপেইজ ডেস্ক: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর আগামী ১৮ অক্টোবরের নির্বাচনে ‘গুলজার-কুদ্দুস ও মনির প্যানেল’ থেকে প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংবাদিক খালেদ মাসুদ রনি।

ট্রাস্টের কার্যক্রমকে আধুনিক ও ডিজিটাল প্রযুক্তিনির্ভর করা, শিক্ষার্থীদের সাফল্য তুলে ধরা এবং নতুন প্রজন্মকে ট্রাস্টের সঙ্গে সম্পৃক্ত করার অঙ্গীকার নিয়ে তিনি ট্রাস্টিবৃন্দের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।

সাংবাদিক খালেদ মাসুদ রনি বলেন, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বিশ্বনাথ প্রবাসীদের সাফল্য তুলে ধরা, শিক্ষার প্রসার, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং আগামী প্রজন্মের জন্য একটি আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য। ট্রাস্টের ৩২ বছরের ঐতিহ্যকে ধারণ করে সময়ের চাহিদা অনুযায়ী নতুনত্ব ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কার্যক্রম এগিয়ে নিতে চান তিনি।

বিশ্বনাথ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রামধানা গ্রামে জন্মগ্রহণকারী খালেদ মাসুদ রনি বর্তমানে লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত হোয়াইটচ্যাপেল এলাকায় বসবাস করছেন। তিনি ইক্বরা বাংলা টিভি ইউকের চিফ রিপোর্টার, নিউজ টোয়েন্টিফোর বাংলাদেশের ইউকে প্রতিনিধি এবং বাংলাপেইজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। এ ছাড়া তিনি লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি এবং ভিন্নধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচিত হলে যেসব কাজকে অগ্রাধিকার দেবেন

খালেদ মাসুদ রনি জানান, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি পদে নির্বাচিত হলে ট্রাস্টের প্রচার কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে তিনি কয়েকটি উদ্যোগকে অগ্রাধিকার দেবেন।

প্রথমত, ফেসবুক, ইউটিউবসহ ট্রাস্টের সব ডিজিটাল প্ল্যাটফর্মকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় আধুনিক ও শক্তিশালী করার উদ্যোগ নেবেন। এর মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম, ছবি, ভিডিও ও সংবাদ সহজে দেখার সুযোগ তৈরি করতে চান তিনি।

দ্বিতীয়ত, ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের গল্প তুলে ধরা এবং যুক্তরাজ্যে ভালো ফলাফল অর্জনকারী বিশ্বনাথের শিক্ষার্থীদের সম্মাননা ও স্বীকৃতি প্রদানের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করার পরিকল্পনা রয়েছে তাঁর।

তৃতীয়ত, তরুণ প্রজন্মকে ট্রাস্টের কার্যক্রমে সম্পৃক্ত করার পাশাপাশি ট্রাস্টের প্রবীণ ও প্রয়াত ব্যক্তিদের অবদান যথাযথভাবে তুলে ধরা এবং তাঁদের পরিচিতি ও অবদান ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষণের উদ্যোগ নিতে চান তিনি।

চতুর্থত, যুক্তরাজ্যে ট্রাস্টিদের অংশগ্রহণে বিভিন্ন অনুষ্ঠান ও মিলনমেলার আয়োজনের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক ও ঐক্য সুদৃঢ় করা, ব্যয় সাশ্রয়ে গুরুত্ব দেওয়া এবং ট্রাস্টের অর্থের নিরাপদ ও শরিয়াহসম্মত বিনিয়োগে সহায়তা করাকেও তিনি অগ্রাধিকার দিতে চান।

সাংবাদিকতা ও সাংগঠনিক অভিজ্ঞতা

দীর্ঘ দুই দশকের সাংবাদিকতা ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ট্রাস্টের প্রচার, যোগাযোগ এবং শিক্ষামূলক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করেছেন খালেদ মাসুদ রনি।

সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বিভিন্ন সম্মাননা ও পুরস্কার লাভ করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, করোনাকালীন সময়ে সংবাদ প্রকাশে অবদানের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিল থেকে অ্যাওয়ার্ড ও সম্মাননা এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে সর্বোচ্চ রিপোর্টিং ও প্রেজেন্টিং অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি।

খালেদ মাসুদ রনি বলেন, “সাংবাদিকতা আমার পেশা ও নেশা। দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের প্রচার কার্যক্রম এবং শিক্ষার উন্নয়নে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই। আমার অভিজ্ঞতা ও বাস্তবসম্মত কর্মপরিকল্পনার মাধ্যমে ট্রাস্টিবৃন্দের আস্থা অর্জন করাই হবে আমার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যে দুই দশকের সাংবাদিকতা এবং সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ট্রাস্টের কার্যক্রমকে তথ্যপ্রযুক্তির আওতায় এনে সময়োপযোগী ও আধুনিক করে তুলতে চান। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে ট্রাস্টের ঐতিহ্য, অবদান ও শিক্ষামূলক কর্মকাণ্ড তুলে ধরার মাধ্যমে এর ভবিষ্যৎ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আগ্রহী তিনি।

পরিশেষে, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সম্মানিত ট্রাস্টিবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে খালেদ মাসুদ রনি বলেন, ট্রাস্টের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে আধুনিক, গতিশীল ও সময়োপযোগী প্রতিষ্ঠানে পরিণত করতে তিনি সবার দোয়া, পরামর্শ, সহযোগিতা ও মূল্যবান ভোট প্রত্যাশা করছেন। তাঁর বিশ্বাস, সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষা, ঐক্য এবং প্রবাসে বিশ্বনাথীদের সাফল্য তুলে ধরার ক্ষেত্রে ট্রাস্ট আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments