Homeঅর্থনীতিবাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী

বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বুধবার (২৮ অ‌ক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ হতে ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই উদ্যোগ আমাকে আশার আলো দেখিয়েছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি বিদেশে পাঠানোর যে পরিকল্পনা ও লক্ষ্য রয়েছে, তা বাস্তবায়ন করা সম্ভব হবে।

তিনি আরও স্পষ্ট করেন যে, বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক পাঠাবে না। বিশ্বের সব দেশ যেন বুঝতে পারে বাংলাদেশও বিশ্বমানের দক্ষ শ্রমিক তৈরি করতে সক্ষম।

অবৈধ অভিবাসন এবং হুন্ডির বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, সবাইকে আহ্বান জানাই, আমরা আর অবৈধ পন্থায় বিদেশে যাব না। এতে দেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়। আমরা অবৈধ পথে রেমিট্যান্স পাঠাব না এবং যে দেশে গমন করব, সে দেশের আইন অক্ষরে অক্ষরে মেনে চলব। গুটিকয়েক মানুষের অপকর্মের জন্য যেন পুরো দেশের বদনাম না হয়।

প্রতারকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, যারা দেশে কিংবা বিদেশে থেকে সাধারণ মানুষের সাথে প্রতারণা করছেন, তারা যদি অবিলম্বে এসব অপকর্ম থেকে সরে না আসেন, তবে আপনাদের পরিণতি হবে অত্যন্ত খারাপ। সবাইকে আইনের আওতায় আনা হবে।

রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, আপনারা সঠিক ও সৎ পথে ব্যবসা পরিচালনা করুন, সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন। তবে অহেতুক ব্যক্তিগত স্বার্থে যারা কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেবে, তাদের দেশের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments