আসমাউল মুত্তাকিন: বেসরকারি বিশ্ববিদ্যালয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ ভেঙে দিয়ে ১৩ সদস্যের নতুন বোর্ড পুনর্গঠন করে দিয়েছে সরকার। আগের সব সদস্যকে বাদ দিয়ে এই কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামকে চেয়ারম্যান করে ১৩ সদস্যের নতুন এ বোর্ড গঠন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পুনর্গঠিত বোর্ডের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার একটি আদেশও জারি করেছে।
মন্ত্রণালয়ে আদেশ অনুযায়ী, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিওটির অন্য সদস্যরা হলেন, সাবেক সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অনারারী অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ড. মেখলা সরকার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সাবেক প্রেসিডেন্ট ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুর সবুর, ঢাকা বিশ্বিবিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম মাহমুদ, হাসুমণির পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি, বাংলাদেশ মহিলা সমিতির সদস্য ইসরাত জাহান নাসরিন, সোস্যাল ইমপ্রুভমেন্ট সোসাইটির (এসআইএস) নির্বাহী পরিচালক মিহির কান্তি ঘোষাল।

এর আগে মঙ্গলবার মানারাত ইউনিভার্সিটির ট্রাস্ট-সংক্রান্ত এ সভার একটি নোটিস ইস্যু করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. মো. ফরহাদ হোসেন স্বাক্ষরিত ওই নোটিস শিক্ষাবিদ, রাজনীতিক, সমাজকর্মী ও সরকারি কর্মকর্তাসহ ২২ জন ব্যক্তিকে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ পুনর্গঠনে সম্মতি জ্ঞাপন করেছেন। এ সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি সভা ডাকা হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এতে সভাপতিত্ব করবেন। সভায় উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
এদিকে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, ট্রেজারার হাফিজুল ইসলাম মিয়া, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন প্রফেসর এম হারুন-অর-রশিদ ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. মনিরুল ইসলামকেও ট্রাস্ট পুনর্গঠনের সভায় থাকতে চিঠি দেয়া হয়েছে।
এক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের ৩৫ (৭) ধারা প্রয়োগ করা হয়। আইনের এ ধারায় বলা হয়েছে, ‘কোনো কারণে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা দেখা দিলে কিংবা উহার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত ও শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে, উক্ত বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখিবার স্বার্থে, চ্যান্সেলর, কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের সুপারিশক্রমে, প্রয়োজনীয় আদেশ ও নির্দেশ দিতে পারিবেন এবং এতদিবষয়ে চ্যান্সেলরের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে।’
একই ধারা প্রয়োগের মাধ্যমে মানারাতের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করা হচ্ছে বলে জানা গিয়েছে। আইনে এ ধরনের প্রক্রিয়ায় কমিশনের সুপারিশের কথা বলা থাকলেও মানারাতের ক্ষেত্রে এখন পর্যন্ত কমিশনের কোনো সুপারিশ নেয়া হয়নি বলে জানিয়েছেন ইউজিসির কর্মকর্তারা।
উল্লেখ্য, ২০০১ সালের ৩ এপ্রিল অনুমোদন পায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওয়েবসাইটে দেয়া তথ্য মতে, বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ।
বাংলাপেইজ/এএসএম



