সজীব আহম্মেদ রিমন, কুবি প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষার্থীরা বিনামূল্যে ইন্টারনেট সুবিধা পেতে যাচ্ছে। আগামী এক মাসের মধ্যে শিক্ষার্থীরা এই সুবিধা নিতে পারবে।
বুধবার (১৪ জুন) বিকাল সাড়ে তিনটায় শেখ হাসিনা হলে ইন্টারনেট সংযোগের কাজটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল ও অর্থ ও হিসাব দপ্তরের তথ্য মতে, শেখ হাসিনা হল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের বর্ধিতাংশ, নতুন একাডেমিক ভবনগুলোতে পর্যায়ক্রমে ইন্টারনেট সংযোগ দেয়া হবে। আগামী এক মাসের মধ্যে এই সংযোগ দেয়ার কাজটি সম্পন্ন হবে। এই পুরো কার্যক্রমের সাথে আছে সিনেক্স সিস্টেম লিমিটেড নামক একটি বেসরকারি কোম্পানি। এই ইন্টারনেট সংযোগের জন্য প্রায় দুই কোটি টাকার উপরে খরচ হয়েছে।
ইন্টারনেট সংযোগ প্রাপ্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে রসায়ন বিভাগের ১৩ তম আবর্তনের আবাসিক হল শিক্ষার্থী মাহিমা আফরোজ আঁখি বলেন, ‘ প্রায় ৪/৫ মাস যাবত ওয়াইফাই নিয়ে কথা হচ্ছে, আমরা চেয়ে যাচ্ছিলাম প্রশাসন আশ্বাস দিচ্ছিলো। সব মিলিয়ে সকল প্রক্রিয়া শেষে আজকে আমাদের হলে ওয়াফাই এর কাজ উদ্বোধন করা হলো। এখন থেকে বাকি হল গুলোর শিক্ষার্থীদের মতো আমরাও আমাদের পড়াশোনায় অনলাইন এর কাজ গুলো নির্বিঘ্নে করতে পারব এই বিষয়টা ভেবেই ভালো লাগছে। আশা করছি ইন্টারনেট স্পিড নিয়ে বেগ পেতে হবে না।’
হল প্রাধ্যক্ষ মো. সাহেদুর রহমান বলেন, ‘ওয়াইফাই ম্যাটেরিয়ালসগুলোর শীপমেন্ট আসতে সময় লাগছিলো। তবে আমাদের মাননীয় উপাচার্য স্যারের আপ্রাণ চেষ্টায় আমরা অবশেষে ওয়াইফাই এর কাজটি উদ্বোধন করতে পেরেছি। আমরা হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সচেষ্ট থাকব যেন আমাদের শিক্ষার্থীরা নির্বিঘ্নে ইন্টারনেট সুবিধা পেতে পারে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘আমি শিক্ষার্থীদের ধন্যবাদ জানাই তারা কোয়ালিটি সম্পন্ন কাজের জন্য অপেক্ষা করেছে। আমি ছাত্রদের অতি উন্নতমানের যন্ত্রপাতি দিতে চাই। বিদেশ থেকে আসা যন্ত্রপাতি দিয়ে এ প্রজেক্টের কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই পুরো ক্যাম্পাস এ নেটওয়ার্কের আওতায় চলে আসবে।’
উল্লেখ্য, গত বছরের ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ছাত্রী হল হিসেবে শেখ হাসিনা হলটি উদ্বোধন করা হলেও ছিল না ইন্টারনেট সংযোগ। দীর্ঘদিন ধরেই আবাসিক শিক্ষার্থীরা ইন্টারনেট সংযোগ দাবি করে আসছিল।



