ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামেলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। এ সময় তারা চিনি, ডাল, তেল বিক্রি করলেও জোগানের অভাবে বন্ধ করেছে পেঁয়াজ বিক্রি।
সোমবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল সংলগ্ন কাউন্সিলর কার্যালয়ে অক্টোবর মাসের পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
কার্ডের মাধ্যমে ক্রেতারা ৫৫ টাকা দরে এক কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মসুর ডাল এবং ১১০ টাকা দরে দুই লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে পারছেন।
ডিলারদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই মাস ধরে টিসিবির পক্ষ থেকে পেঁয়াজ না দেওয়ায় তারা বিক্রি করতে পারছেন না। এ বিষয়ে জানতে চাইলে টিসিবির মুখপাত্র হুমায়ুন কবীর বলেন, ‘পেঁয়াজ পচনশীল পণ্য। তাই বেশি এনে গুদামজাত করা হয় না। লটে আনা হয়। বন্দর থেকে খালাস পাওয়ার পর গুদামে আনা হয়। এরপর গুদাম থেকে ডিলারের মাধ্যমে বিক্রি করা হয়। গত মাসের ১৮ ও ২০ তারিখেও পেঁয়াজ দেওয়া হয়েছে। এ মাসে এখনও পেঁয়াজ আসেনি। এলে বিক্রি করা হবে।’
বাংলাপেইজ/ এএসএম



