নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে পানি, জ্বালানি, পরিবহন ও স্বাস্থ্যখাতসহ গুরুত্বপূর্ণ খাতে এক বিলিয়ন ইউরো বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশে ইইউ প্রতিনিধিদল আরো জানিয়েছে, তারা এই অর্থায়ন দ্বিগুণ করারও পরিকল্পনা করছে।
ইইউ প্রতিনিধিদল এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) যৌথ উদ্যোগে গত সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের স্টেকহোল্ডারদের কয়েকটি বৈঠকের পর এই ঘোষণা দেয়া হয়েছে।
ইইউ সোমবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, ‘গত সপ্তাহে, বাংলাদেশে নিযুক্ত ইইউ প্রতিনিধিদল পানি, জ্বালানি, পরিবহন ও স্বাস্থ্য খাতে ১ বিলিয়ন ইউরোর চলমান বিনিয়োগ এবং ভবিষ্যতে অর্থায়ন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে কয়েকটি বৈঠক আয়োজন করার পাশাপাশি ইউরোপীয় বিনিয়োগ ব্যাংককে স্বাগত জানিয়েছে।
বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি সুবিধার অধীনে ওয়ার্কিং রিভিউ গ্রুপের প্রথম সভাটি একটি উল্লেখযোগ্য সাফল্য। এতে বিদ্যুৎ বিভাগ, টিম ইউরোপ, ইআইবি এবং জনসেবা প্রদানকারী সংস্থাগুলির প্রতিনিধিরা একত্রিত হয়েছিলেন।
বাংলাপেইজ/এএসএম



