নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের পোশাক শিল্পকে টেকসই ও প্রতিযোগিতামূলক করতে হলে শুধু সস্তা উৎপাদন নয়, ন্যায্য মূল্য নিশ্চিত করাটাও অত্যন্ত জরুরি বলে মনে করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সে বায়ার্স ফোরামের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা জানান। বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে সংগঠনের শীর্ষ নেতারা এবং ৪০টিরও বেশি ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন।
বৈঠকে বিজিএমইএ নেতারা বলেন, উৎপাদন খরচ ও শ্রমিকদের কল্যাণ বজায় রেখে ন্যায্য মূল্য নির্ধারণই পোশাক শিল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্বের মূল চাবিকাঠি। তারা আন্তর্জাতিক ক্রেতাদের কাছে শিল্পের উন্নয়ন ও টেকসই পরিবেশ গড়ার জন্য সহযোগিতা এবং ন্যায্য দাম দেওয়ার আহ্বান জানান।
আলোচনায় পোশাক শিল্পের জন্য একটি একীভূত আচরণবিধি, শ্রম পরিবেশ উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, যুক্তরাষ্ট্রের শুল্ক চ্যালেঞ্জ এবং জিএসপি প্লাস প্রাপ্তির প্রস্তুতি বিষয়ে মতবিনিময় হয়।
বাংলাপেইজ/এএসএম



