জেলা প্রতিনিধি: আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে ঈদযাত্রায় শেষ মুহূর্তে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ।
ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কে যানবাহনের চাপ কমে গেছে। স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। এতে স্বস্তিতে ফিরছে ঘরমুখী মানুষ।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৭ লাখ ৪৬ হাজার ৮৫০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৬১০টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে ঢাকাগামী ১৩ হাজার ৭১৫টি যানবাহন পারাপার হয়েছে।
এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭ লাখ ২১ হাজার ৬৫০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ৩১ হাজার ৮৯৫টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ২০ লাখ ২৫ হাজার ২শ টাকা।
সেতু কর্তৃপক্ষ আরও জানায়, গত ৫ দিনে সেতুর ওপর দিয়ে মোট ২ লাখ ৫ হাজার ২৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১৫ কোটি ৩২ লাখ ৯০ হাজার ৭০০ টাকা।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে মহাসড়কে যানবাহনের চাপ কমে যায়। সকাল পর্যন্ত স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে। গাজীপুর থেকে টাঙ্গাইল এলেঙ্গা পর্যন্ত চারলেন সুবিধা পাচ্ছেন যাত্রীরা। এতে নির্বিঘ্নেই যাত্রীরা যেতে পারছেন। মহাসড়কে যানবাহনের চাপ নেই। মহাসড়ক স্বাভাবিক রয়েছে। চালক ও যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাচ্ছে।
বাংলাপেইজ/এএসএম



