নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে দক্ষিণের ২১ নম্বর ওয়ার্ডে ভোটার হয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আর দক্ষিণ সিটি করপোরেশন থেকে উত্তরের ৩৭ নম্বর ওয়ার্ডে ভোটার এলাকা স্থানান্তর করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা স্থানান্তর করেছেন তারা।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেন আসিফ মাহমুদ। আবেদনের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন তার আবেদন অনুমোদন করে। এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত হয়েছে।
অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার ভোটার এলাকা সফলভাবে স্থানান্তর করেছেন। পূর্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার থাকলেও, সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যমে সকল আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করা হয়েছিল। বাংলাদেশ নির্বাচন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথি পরীক্ষা শেষে আবেদনটি অনুমোদন করেছে এবং তার ভোটার স্থানান্তরের অনুমোদন দিয়েছে।
এনসিপি গত মার্চে জানিয়েছিল, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট নয় এককভাবে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। ঢাকা উত্তরে দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এবং দক্ষিণে আসিফ মাহমুদ মেয়র প্রার্থী হবেন।
দলটির সূত্র জানিয়েছে, ছয় মাস পর এই অবস্থান বদলেছে। দক্ষিণে নাসীর এবং উত্তরে আসিফকে প্রার্থী করার চিন্তা করা হচ্ছে। তাই সোমবার তারা ভোটার এলাকা স্থানান্তর করেছেন।



