বিশ্বনাথ প্রতিনিধি:: মনোনয়নে সাধারণ আসনের একজন কাউন্সিলর প্রার্থী যুবদল নেতার কারসাজিতে কপাল পুড়েছে সিলেটের বিশ্বনাথ পৌরসভার ৮নং ওয়ার্ডের বাকি আরও ৫ জন কাউন্সিলর পদপ্রার্থীর। স্থগিত করা হয়েছে এই ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদে প্রার্থীদের নির্বাচন। রোববার (৩০ অক্টোবর) বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে এক গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে ওই নির্বাচন স্থগিত করেন মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার ও বিশ্বনাথ পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ২ নভেম্বর বুধবার ওই ওয়ার্ডের সাধারণ আসনের কাউন্সিলর পদের নির্বাচন স্থগিত থাকবে।
প্রসঙ্গত: বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে ৮নং ওয়ার্ডে জানাইয়া গ্রামের আমির উদ্দিন কাউন্সিলর প্রার্থী হন। গত ৬ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের পর আমিরের মনোনয়নপত্র তার বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী কামাল উদ্দিনের নামে দাখিল করেন। প্রবাসী বড় ভাইয়ের নামে মনোনয়নপত্র জমা দেওয়াসহ নানা তথ্য গোপন করেও তার এই মনোনয়নপত্রটি বৈধ হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রতিদ্বদ্বী প্রার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। তার প্রতিদ্বন্ধী কাউন্সিলর প্রার্থী ও ইউপি সদস্য ইউনুস আলী এ নিয়ে নির্বাচন কমিশনের স্থানীয় কর্মকর্তাদের প্রতি অভিযোগও তোলেন তিনি। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশন সচিবালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে এক গণ-বিজ্ঞপ্তির মাধ্যমে ওই নির্বাচন স্থগিত করা হয়।



