উৎসবমুখর পরিবেশে চলছে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ভোট গ্রহণ।
আজ শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এ ভোট গ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এদিকে নির্বাচনকে ঘিরে এদিন সকাল থেকেই প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের পদচারণায় মুখর হয়ে উঠে প্রেসক্লাব চত্বর। ভোটারদের কাছে ভোট চাইতে দেখা যায় প্রার্থীদের।
এবার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ১০২ জন।
ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৭টি পদে লড়ছেন প্রার্থীরা। বাকি পদগুলো হলো- সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, যুগ্ম সম্পাদক দুটি ও সদস্য ১০টি।
প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। এ দুটি পূর্ণাঙ্গ প্যানেল ছাড়া বেশ কয়েকটি পদে স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচনে অংশ নিয়েছেন।
আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সভাপতি ফরিদা ইয়াসমিন। এ প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
বিএনপি সমর্থিত প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান।
আইকে



