নিজস্ব প্রতিবেদক: অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ এবং বাংলাদেশ পুলিশের সামর্থ্য বৃদ্ধিতে ইতালি সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও অ্যালেসান্দ্রোর সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
সাক্ষাৎকালে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথু পিয়ান্তেডোসির আগামী ৫ থেকে ৬ মে আসন্ন বাংলাদেশ সফর নিয়ে আলোচনা হয়। সফরে অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, নিরাপত্তা খাতে সহযোগিতা, পুলিশ ও বিজিবিকে উন্নত প্রশিক্ষণ প্রদান, জনশৃঙ্খলা রক্ষা ও আন্তঃদেশীয় অপরাধ দমনে পুলিশের দক্ষতা ও সামর্থ্য বৃদ্ধিসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকের শুরুতে ইতালির রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ইতালি বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ইতালিতে কর্মরত বাংলাদেশিরা দেশে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে এ দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভূত অবদান রাখছে।
বর্তমানে প্রায় ২ লাখ ৫০ হাজার বাংলাদেশি দক্ষ কর্মী দেশটিতে কাজ করছেন। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরের মাধ্যমে সেখানে কর্মরত দক্ষ বাংলাদেশি কর্মীর সংখ্যা আরও বাড়বে এবং এর মাধ্যমে দুই দেশের পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ক আরও দৃঢ়তর হবে বলে উপদেষ্টা আশা করেন।
সূত্র : ইউএনবি
বাংলাপেইজ/এএসএম



