স্পোর্টস ডেস্ক: শেষ গ্রুপ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল দুবাইয়ে তারা ভারতের মুখোমুখি হবে। তিন ম্যাচের সবগুলো দাপট দেখিয়ে জেতা দলের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে। বাংলাদেশের ব্যাটার শারমিন আখতার সুপ্তা এই ম্যাচ জেতার ব্যাপারে আশাবাদী।
তার মতে, এশিয়া কাপের চ্যাম্পিয়ন হতে হলে ভারতকে হারানোর বিশ্বাস থাকতে হবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শারমিন ক্রিকবাজ-কে বললেন, ‘ভারতকে হারানোর বিশ্বাসই যদি আমাদের না থাকে, তাহলে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাও উচিত নয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এশিয়া কাপ জিততে হলে কোনো না কোনো পর্যায়ে ভারতের মুখোমুখি হতেই হবে, সেটা সেমিফাইনাল হোক বা ফাইনাল। সেই আত্মবিশ্বাসটা থাকতেই হবে।’
তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে খেলার সময় স্বাভাবিকভাবেই সবার মধ্যে ভালো করার জন্য একটি শক্তিশালী ইতিবাচক মনোভাব থাকে। কারণ এশিয়ান ক্রিকেটে ভারত একটি বড় নাম। আমার মনে হয়, এই ইতিবাচক শক্তি পুরো দলকে অনুপ্রাণিত করে। আমরা যদি ভালো খেলি, তাহলে নিঃসন্দেহে জেতার একটি শক্তিশালী সম্ভাবনা তৈরি করব।’
ভারতকে মোকাবেলার প্রস্তুতি নিতে বাংলাদেশ ২০১৮ সালের সাফল্য থেকে অনুপ্রেরণা নিচ্ছে। ৮ বছর আগে তারা গ্রুপ পর্বে ও ফাইনালে ভারতকে হারিয়েছিল। ওই ফাইনালের পর বাংলাদেশ ও ভারত টি-টোয়েন্টিতে ১৩ বার মুখোমুখি হয়েছে। মাত্র একটি জয় পেয়েছে বাংলাদেশ, ভারত ১২টি।
এই ডানহাতি ব্যাটার বললেন, ‘এমনকি ২০১৮ সালের এশিয়া কাপে যখন আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখনও গ্রুপ পর্বে আমাদের ভারতকে হারাতে হয়েছিল এবং এরপর ফাইনালেও তাদের হারিয়ে শিরোপাটি জিতেছিলাম।’



