ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ছয় কবরস্থানের সাধারণ কবরে গ্রিল-বাঁশের বেড়া ও খুঁটি না বসাতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়টি জানিয়ে এরই মধ্যে আঞ্চলিক কার্যালয়ের সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা এবং কবরস্থানগুলো মোহরারদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি ডিএনসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন উল হাসানের সই করা চিঠিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, কবরস্থানগুলোর সাধারণ দাফন করা কবরের ওপরে গ্রিল, বাঁশের বেড়া, খুঁটি না দেওয়ার নির্দেশ আগে দেওয়া হলেও সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ কবরে এসব দেওয়া হয়েছে। বেড়া দেওয়া হলে কবরস্থানে ঝোপঝাড়, আগাছার সৃষ্টি হয়। ফলে সৌন্দর্যহানি ঘটে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে ব্যাঘাত ঘটে। তাছাড়া, দীর্ঘসময় ধরে বেড়া থাকার কারণেই ঝোপ-জঙ্গল তৈরি হয় এবং সাপ-শিয়ালের বাসা তৈরির শঙ্কা থাকে।
এ অবস্থায় ডিএনসিসির আওতাধীন কবরস্থানগুলোতে সংরক্ষিত নয় এমন কবরে নির্মিত গ্রিল, বাঁশের বেড়া, খুঁটি দ্রুততম সময়ে অপসারণের জন্য বলা হয়েছে। সেইসঙ্গে এগুলো অপসারণের পর লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাতে হবে। এ ছাড়া নির্দেশনার পর কোনো কবরে নতুন করে গ্রিল, বাঁশের বেড়া, খুঁটি দেওয়া হলে কবরস্থানের সিনিয়র মোহরার বা মোহরাররা দায়ী থাকবেন।
কবরস্থান ছয়টি হলো— উত্তরা ৪ নম্বর সেক্টরের কবরস্থান, উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থান, উত্তরা ১৪ নম্বর সেক্টরের কবরস্থান, বনানী কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-সংলগ্ন কবরস্থান।
বাংলাপেইজ/এএসএম



