Homeবাংলাদেশনবীজির দেখানো পথে আমাদের চলতে হবে: প্রধান বিচারপতি

নবীজির দেখানো পথে আমাদের চলতে হবে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, মুহাম্মদ (সা.) এর দেখানো পথে আমাদের চলতে হবে। অন্যথায় এসব অশান্তি থেকে মুক্ত হতে পারবো না। পরকালে হাশরের মাঠে কৈফিয়ত দিতে পারবো না।

মিলাদুন্নবী উপলক্ষে সোমবার (১৭ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ‘হযরত মুহাম্মদ (সা.) এবং একটি মানবিক বিশ্ব’ শীর্ষক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

সভায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আমরা প্রতিদিন নামাজে আবশ্যিকভাবে (কম্পলসরি) সুরা ফাতেহা পড়ি। যেখানে একটি আয়াত আছে, যে আয়াতের সরল অর্থ হলো- আল্লাহ আমাদের সহজ-সরল পথ দেখান। যে পথটা আমাদের রসুল (সা.) দেখিয়ে গেছেন, আমাদের সেই পথে চলতে হবে।

করোনা প্রসঙ্গে তিনি বলেন, এ করোনায় ২৬২ জন বিচারক ও আইনজীবী মারা গেছেন। করোনায় কত লোক চলে গেল তারপরও আমরা কী সতর্ক হয়েছি? তারপরও আমরা দুর্নীতি করে যাচ্ছি। মানুষ ঠকাতে যা ইচ্ছা তাই করে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে হাশরের মাঠে আমরা আল্লাহর কাছে কী জবাব দেব?। রাসুল আমাদের কী শিখিয়ে গেছেন আর আমরা কী করে বিদায় নিচ্ছি।

তিনি বলেন, বিশ্বের প্রথম লিখিত সনদ মদিনার সনদের মাধ্যমে সব সম্প্রদায়ের মাধ্যমে এক জাতি গঠনের কথা বলা আছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি যাতে না হয় সেটি বিদায় হজের ভাষণে বলে গেছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন।

বিশেষ বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

এ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইনজীবী সমিতির সম্পাদক আবদুন নূর দুলাল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments