আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ:: আগামী ২ নভেম্বর অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে শেষ মূহুর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রতীক বরাদ্ধের পর থেকে পৌর এলাকায় জমজমাট প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন মেয়র, কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরবৃন্দ। পুরো উপজেলাজুড়ে বইছে নির্বাচনী আমেজ। কে হচ্ছেন পৌরসভাসীর ভোটের মাধ্যমে পৌর নির্বাচনের প্রথম মেয়র।
এদিকে কে হচ্ছেন পৌর পিতা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। চায়ের দোকান থেকে শুরু করে বাজারের অলি-গলি যেখানেই যাবেন শুধু নির্বাচনী আলাপ। ১ম পৌরসভা নির্বাচন হওয়ায় মানুষের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। যার ফলে প্রার্থীরা যেমন উৎসাহ উদ্দিপনার মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন, তেমনি ভোটাররাও উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করবেন। পৌর নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থীত উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ফারুক আহমদ (নৌকা), আওয়ামী লীগ ঘরানার নেতা সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমান (জগ), দল থেকে পদত্যাগ করা উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন (হ্যাঙ্গার), নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ক্রীড়াঙ্গনের প্রিয়মুখ মুমিন খান মুন্না (মোবাইল ফোন), জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা শিব্বির আহমদ (খেঁজুর গাছ), আল-ইসলাহ সমর্থিত প্রার্থী তালুকদার ফয়জুল ইসলাম (চামচ) ও যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক উদ্দিন (নারকেল গাছ)। তাদের পক্ষেও তাদের সমর্থকরা দিন-রাত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বর ভোট গ্রহণ। বিশ্বনাথ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০। পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯, নারী ভোটার ১৭ হাজার ১৯১।



