নোয়াখালী সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জাতীয় পার্টির (জাপা) যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হামিদ (৫২) এর মৃত্যু হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
আবদুল হামিদ এওজবালিয়া ইউনিয়নের চাড়াবানু গ্রাসের মৃত নুরুল হকের ছেলে।
নিহতের চাচাতো ভাই সাহাব উদ্দিন বলেন, ‘মোটরসাইকেলযোগে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন আবদুল হামিদ। পথিমধ্যে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যান তিনি। এসময় গাছের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকের অফিসার (আরএমও) সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিষয়টি জেনেছি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।’
বাংলাপেইজ/আইকে



