র্যাবের নিষেধাজ্ঞা চলাকালেই র্যাব হেফাজতে নারীর মৃত্যুর ঘটনা কিংবা ছোট খাটো দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তিনি বলেন, র্যাব হেফাজতে জেসমিনের মৃত্যু নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। এ ধরনের দুর্ঘটনা যুক্তরাষ্ট্রে প্রায় প্রতিদিনই হচ্ছে। এ ধরনের ঘটনা হঠাৎ হতেই পারে। এ নিয়ে কারও সঙ্গে সম্পর্ক খারাপ হবে না বলেও মন্তব্য করেন এ কে আব্দুল মোমেন।
বুধবার (২৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।
এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে গণতন্ত্র-নির্বাচন প্রসঙ্গ উল্লেখ করেছেন। এ বিষয়ে সরকার উদ্বেগ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভূরাজনৈতিক কারণে আমাদের ইমেজ বেড়েছে। সবাই এখন আমাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে চায়, ব্যবসা বাড়াতে চায়। আমরা চাই স্বচ্ছ ও সুন্দর নির্বাচন হোক। যুক্তরাষ্ট্রও চায়।
গণতন্ত্রের জন্য বাংলাদেশের অন্যের কাছ থেকে সবক নিতে হবে না বলেও এ সময় মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, আমরাই একমাত্র দেশ যারা গণতন্ত্রের জন্য, ন্যায় বিচারের জন্য মানবিকতার জন্যে ৩০ লাখ লোক প্রাণ দিয়েছি।
এ সময় মন্ত্রী বিএনপি সরকারের আমল তথা ২০০১-০৬ শাসন আমলে দেশে গণতন্ত্র ছিল না বলেও অভিযোগ করেন।
আইকে



