চলতি বিপিএলে দুর্দান্ত ভাবে শুরু করেছিল ফরচুন বরিশাল। তবে হ্যাট্রট্রিক হারের পর কিছুটা ছন্দ হারিয়েছিল তামিম-মিরাজরা। কিন্তু আসরে ঘুরে দাঁড়িয়েছে বরিশাল। নয় ম্যাচের পাঁচটিতে জিতে ১০ পয়েন্ট নিয়ে চট্টগ্রামকে হটিয়ে টেবিলের তৃতীয় স্থান দখল করেছে তামিম ইকবালের দল। নবম ম্যাচে ঢাকাকে ২৭ রানে হারিয়েছে বরিশাল।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেয় ফরচুন বরিশাল।
বরিশালের হয়ে ইনিংস শুরু করতে নামেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল ও পাকিস্তান তারকা আহমেদ শেহজাদ। এ দুই জুটিতে দারুন সূচনা এনে দেন বরিশালকে। ব্যাক্তিগত ২৪ রানে শেহজাদ ফিরলে ভাঙে ৭৬ রানের জুটি।
এরপর সৌম্য সরকার ২৮ ও মাহমুদউল্লাহ রিয়াদ ১৩ রানের বেশি করতে পারেননি। তবে সতীর্থদের যাওয়া আসার মিছিলের মাঝে আক্রমণাত্মক ক্রিকেটে ৩৪ বলে অর্ধশতকে পৌঁছান তামিম। সাজঘরে ফেরার আগে ৪৫ বলে ৭১ রান করেন এই বাঁহাতি ব্যাটার।
শেষদিকে আসা-যাওয়ার মিছিলে যোগ দেন বরিশালের ব্যাটাররা। মুশফিক ও মিরাজও ফেরেন অল্প রানে। তবে সাইফউদ্দিন নেমে ঝড় তোলেন ঢাকার বোলারদের ওপর। মাত্র ৬ বল খেলার সুযোগ পাওয়া সাইফউদ্দিন ছিলেন ২৩ রানে অপরাজিত। যেখানে দুইটি করে চার ও ছক্কা মেরেছেন তিনি।
এছাড়া ১০ রান করে অপরাজিত ছিলেন শোয়েব মালিক। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রানের সংগ্রহ পায় তামিমের দল। ঢাকার হয়ে বল হাতে সর্বোচ্চ আলাউদ্দিন বাবু নেন তিনটি উইকেট।
আইকে/ বাংলাপেইজ



