আন্তর্জাতিক ডেস্ক: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরের আন্দোলন থেকে দেশটির শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মূল দাবি পূরণ হওয়ার পর প্রতিবাদ কর্মসূচি স্থগিত করেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপির)।
তবে এর ঠিক চার সপ্তাহ পর সোমবার দেশটির সরকার তাদের ‘দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি’ অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর ভারতের রাজধানীতে শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে চলতি বছরের শুরুতে আত্মপ্রকাশ করা এই ব্যঙ্গাত্মক সংগঠনটি বর্তমানে রাজনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়েছে। সোমবার এক বিবৃতিতে সিজেপি বলেছে, তাদের এই পদযাত্রা ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে দিল্লি পুলিশের সদরদপ্তরে গিয়ে শেষ হবে।
সিজেপির এই পদযাত্রায় দেশটির সরকারের সঙ্গে নতুন করে সংঘাত পরিস্থিতি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যাকারী নিট পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তুলেছিল সিজেপি। একই সঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে যাতে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয়, সে বিষয়ে সরকারের প্রতিশ্রুতি চেয়েছিল তারা।
সরকার এসব দাবি পূরণে সম্মতি দেওয়ায় সেই সময় আন্দোলন স্থগিত করেছিল সিজেপি। তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই গোষ্ঠীটি বলছে, প্রশ্নপত্র ফাঁসের পর প্রাণ হারানো নিট পরীক্ষার্থীদের মা-বাবারাই এই পদযাত্রার নেতৃত্ব দেবেন।



