হাবিব রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে নারী পুলিশের প্রেমের ফাঁদে ফেলে ৪ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামী মাসুক নূরসহ ৬ আসামীকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
রবিবার রাতে পলাতক আসামী মাসুক নূরকে গ্রেফতারে নারী কনেস্টবলসহ ফোর্স দিয়ে ফাঁদ তৈরী করে পুলিশ। আর সেই ফাঁদে ধরা দেয় মাসুক নূর। অবশেষে তাকে সুনামগঞ্জ পানশি রেষ্টুরেন্ট থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুক নূর (১৯) উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামের কয়ছর আহমদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত আসামী মাসুক নূর দীর্ঘদিন যাবত ওয়ারেন্টভুক্ত হিসেবে পলাতক ছিল। তার বিরুদ্ধে আদালত কতৃক ৪ বছরের সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা অর্থদন্ডের রায় রয়েছে।
এদিকে একই দিনে উপজেলার বিছনা গ্রামের আবু সৈয়দের ছেলে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গাজিউর রহমান (৫৫) এবং একই ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মানের ছেলে মো.ফয়েজ আহমদকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। গাজিউর রহমানের বিরুদ্ধে আদালত কতৃক ২ বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড এবং মো. ফয়েজ আহমদের বিরুদ্ধে দুটি মামলায় মোট ২ বছর কারাদন্ড ও ১৪ লক্ষ টাকা অর্থদন্ডের রায় রয়েছে।
এছাড়াও অন্য একটি মামলায় ওয়ারেন্টভুক্ত নাজমূল হোসেন নামে একজন এবং নিয়মিত মামলায় বিশ্বম্ভরপুর উপজেলার বাসিন্দা মো.ফজল ও ছয়ফুলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামী মাসুক নূর, দীর্ঘদিন পলাতক ছিল। তাই থানার নারী পুলিশকে দিয়ে ফাঁদে ফেলে তাকে গ্রেফতার করা হয়।



