নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রেস বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। একই সঙ্গে একে কর প্রশাসনের ডিজিটাল রূপান্তরের ধারায় অত্যন্ত উৎসাহব্যঞ্জক সাফল্য বলে দাবি করেছে সংস্থাটি।
এ বিষয়ে জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বলেন, গত ৪ আগস্ট ২০২৫ তারিখে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর থেকেই করদাতারা সহজেই অনলাইনে রিটার্ন পূরণ ও দাখিল করতে পারছেন।
এ বছর এনবিআর এক বিশেষ আদেশের মাধ্যমে ৬৫ বছর বা তদূর্ধ্ব প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া সব ব্যক্তিগত করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।
তবে, যারা এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছেন, তারাও ইচ্ছা করলে অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারেন। ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে করদাতারা আগামী ১৫ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট আবেদন করতে পারবেন। যৌক্তিক কারণ উল্লেখপূর্বক অনুমোদন পাওয়া গেলে তারা পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।
এনবিআর জানায়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারাও পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানা উল্লেখ করে ereturn@etaxnbr.gov.bd এ আবেদন করলে তাদের ই-মেইলে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে। এর মাধ্যমে তারা সহজেই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারছেন।
বাংলাপেইজ/এএসএম



