সারাদেশ ডেস্ক: জামালপুরের ইসলামপুর উপজেলায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় হাজিরা দিতে এসে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিন নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জুয়েল এবং পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রানা আহামেদ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শুনানি শেষে আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর সভারচর গ্রামের মো. হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন। বিশেষ ক্ষমতা আইনের ওই মামলায় ১২৮ জনের নাম উল্লেখসহ আরও ২০০ থেকে ২২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
পুলিশ তদন্ত শেষে এরমধ্যে আদালতে চার্জশিট দাখিল করেছে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার তিন আসামি জামিনের আবেদন করে আদালতে হাজির হলে বিচারক তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার আইনগত প্রক্রিয়া শেষে তারাই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।
বাংলাপেইজ/এএসএম



