Homeআজকের শীর্ষ সংবাদচিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিনোদন ডেস্ক: প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা এক মামলায় চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম ও তার স্বামী মামুনুর রশীদ রাহুলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এই পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্যরা হলেন নিঝুমের দেবর নান্নু মিঞা ও ননদ মহিমা বিবি।

বাদীপক্ষের আইনজীবী কায়েশ আহমেদ অর্ণব বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৯ জানুয়ারি রুবিনা আক্তার নিঝুম, তার স্বামী ও ভাই-বোনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন নিঝুমের পরিচিত সুরভী বেগম। আদালত আসামিদের ১৯ ফেব্রুয়ারি হাজির হতে সমন জারি করেন। কিন্তু তারা আদালতে হাজির হননি। বাদীপক্ষ থেকে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করলে আদালত মঞ্জুর করেন।

মামলায় অভিযোগ করা হয়, সুরভী বেগম ও রুবিনা নিঝুম পূর্বপরিচিত। নিঝুম ও রাহুল সুরভীর আস্থাভাজন ও বিশ্বস্ত ছিলেন। রুবিনা ও রাহুল বিভিন্ন সময় সুরভীর কাছ থেকে টাকা ধার নিয়ে যথাসময়ে ফেরত দিয়ে আস্থা ও বিশ্বাস অর্জন করেন। সেই সুবাদে ২০২০ সালের ১ অক্টোবর রুবিনা ও রাহুল পরিচিত সুরভীর কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ধার চান। ১১ থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিন দফায় তাদের সাড়ে ১২ লাখ টাকা দেন সুরভী। দুই মাসের মধ্যে টাকা ফেরত দেবেন বলে তাদের মধ্যে চুক্তিনামা সম্পাদিত হয়। রাহুল টাকা ফেরত না দিলে বা মারা গেলে তার ভাই নান্নু টাকা ফেরত দেবেন বলে উল্লেখ করা হয়।

পরে সুরভী বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে আর্থিক অসচ্ছলতা দেখা দেয়। জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজনে গত বছরের ১ মে টাকা ফেরত চান তিনি। তবে রুবিনা ও রাহুল টাকা ফেরত দেবেন না বলে জানিয়ে দেন। ২২ সেপ্টেম্বর রুবিনা ও রাহুলের রামপুরার বনশ্রী বাসায় গিয়ে টাকা ফেরত চান সুরভী। টাকা ফেরত দেওয়ার কথা অস্বীকার করে সুরভীকে প্রাণে মেরে ফেলার হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। এ বিষয়ে সুরভী রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে মামলা দায়ের করেন।

বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments