নিজস্ব প্রতিবেদক: ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
কমিটির সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। কমিটিতে সদস্য হিসেবে আরো ১৪ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রী। এছাড়া আছেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ ৭টি মন্ত্রণালয়ের সচিব।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখানে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন। আসন্ন ঈদুল ফিতরের আগে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্য নিয়ে কমিটিকে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে।
কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে, তারা ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উপযুক্ত ডিজাইন ও সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি প্রণয়ন করবে। প্রাথমিকভাবে দেশের আট বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলায় এই কর্মসূচি চালুর ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি নারীদের জন্য বিদ্যমান কোনো কর্মসূচি ভিত্তি হিসেবে ব্যবহার করা যায় কি না, তা পর্যালোচনা করা হবে।
এছাড়া সুবিধাভোগীদের ডাটাবেজ তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডেটাবেজের আন্তঃসংযোগ স্থাপন করে একটি ডিজিটাল ‘এমআইএস’ প্রণয়নের সুপারিশও করবে কমিটি।
বাংলাপেইজ/এএসএম



