আন্তর্জাতিক ডেস্ক: গ্রিনকার্ডের জন্য আবেদন প্রক্রিয়ায় ফের পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিএইচএস)। মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সব আবেদনকারীকে নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করার প্রয়োজন নেই।
গত ২২ মে ডিএইচএসের অধীন সংস্থা মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা কেন্দ্রের পক্ষ তেকে (ইউএসসিআইএস) পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এখন থেকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি অথবা গ্রিনকার্ডের আবেদনের জন্য অস্থায়ী ভিসাধারীদের আর দেশটিতে অবস্থান করার প্রয়োজন নেই।
নিজ দেশে ফিরে গিয়ে মার্কিন দূতাবাসের মাধ্যমে তারা আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছিল, যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের সঙ্গে সঙ্গতি রেখেই নতুন এই নিয়ম চালু করা হয়েছে।
তবে গতকাল শুনিবার মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসকে ডিএইচএসের এক মুখপাত্র এ প্রসঙ্গে বলেছেন, “২২ মে’র বিজ্ঞপ্তির মূল উদ্দেশ্য ছিল কর্মকর্তাদের তাদের বিবেচনামূলক ক্ষমতার কথা স্মরণ করিয়ে দেওয়া, যা সবসময়েই ক্ষেত্রবিশেষে প্রযোজ্য।”
নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র ব্যাখ্যা করেন যে, যারা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যান অথবা এমন সব দেশ থেকে আসেন— যেসব দেশের নাগরিকরা ব্যাপকভাবে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল, তারা গত ২২ মে’র নির্দেশনা দ্বারা প্রভাবিত হতে পারেন।
গ্রিন কার্ড হলো কোনো বিদেশি নাগরিকের যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের সরকারি পরিচয়পত্র। এর মাধ্যমে কোনো বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান না ঠিকই; তবে তাকে স্থায়ীভাবে দেশটিতে থাকতে এবং কাজ করতে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রাপ্তির পথে প্রথম ধাপ হলো গ্রিনকার্ড।
সূত্র : নিউইয়র্ক টাইমস, টেলিগ্রাফ ইন্ডিয়া



