জ্যেষ্ঠ প্রতিবেদক: দলের স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলের রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করা হতে পারে।
বিএনপির সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, ‘আমি এখনও কিছু জানি না। বৈঠকের সিদ্ধান্ত পেলে জানাব।’
স্থায়ী কমিটির একটি সূত্র জানায়, বৃহস্পতিবারের বৈঠকে দলের রাষ্ট্রপতি প্রার্থী বিষয়ে চেয়ারম্যান তারেক রহমান তার সিদ্ধান্ত জানাতে পারেন। কারণ, স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব চেয়ারম্যানের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। আগামীকাল (বৃহস্পতিবার) রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় বৈঠকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে।
দলীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে এবং বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
এর আগে গত রোববার প্রধান নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রাষ্ট্রপতি প্রার্থীর জন্য দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।



