নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. জিয়াউদ্দিন আহমেদ বলেছেন, দেশত্যাগে আগ্রহী অভিবাসীদের মধ্যে ঝুঁকি নেওয়ার প্রবণতা রয়েছে এবং অনেকে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার জন্য অবৈধ পথ বেছে নেন।
শনিবার (২২ আগস্ট) জাস্টিস অ্যান্ড কেয়ার বাংলাদেশ, ঢাকার ব্রিটিশ হাইকমিশনের সহায়তায় গণমাধ্যমকর্মীদের নিয়ে মানবপাচার ও অভিবসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ে আয়োজিত একটি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিয়াউদ্দিন আহমেদ বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ অভিবাসী প্রেরণকারী দেশ হিসেবে এটি বাংলাদেশের ভাবমূর্তির জন্য ঝুঁকি তৈরি করছে। নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে আমরা গন্তব্য দেশগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছি।
কর্মশালায় গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। নতুন আইনি কাঠামো সম্পর্কে তাদের ধারণা আরও গভীর করার পাশাপাশি মানবপাচার ও অভিবাসী চোরাচালানের ক্রমবর্ধমান জটিল ও আন্তঃদেশীয় প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়।
বিষয়টি আইন প্রয়োগের দৃষ্টিকোণের পাশাপাশি ভুক্তভোগী ও সারভাইভারদের অভিজ্ঞতা, অধিকার ও সুরক্ষার প্রয়োজনীয়তাকে কেন্দ্র করে মানবিক দৃষ্টিকোণ থেকেও আলোচিত হয়।



