আন্তর্জাতিক ডেস্ক: ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিনর মানবতাবিরোধী অপরাধে সহায়তা ও প্ররোচনা দিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে নরওয়ের পুলিশ।
দেশটির জাতীয় অপরাধ তদন্ত বিভাগ এনসিআইএস এবং নিরাপত্তা সংস্থা পিএসটির এক বিবৃতিতে বলা হয়েছে, এই মামলার অংশ হিসেবে মঙ্গলবার অসলোতে টেলিনরের সদরদপ্তরে তদন্তকারীরা অভিযান চালিয়েছেন।
নরওয়ের পুলিশ বলেছে, ‘টেলিনর মিয়ানমার সামরিক জান্তার কাছে গ্রাহকদের অতীতের ট্রাফিক ডেটা হস্তান্তর করেছে। তথ্যগুলো এমন সময়ে হস্তান্তর করা হয়, যখন জান্তা সরকার বেসামরিক জনগোষ্ঠীর একাংশের ওপর ব্যাপক দমন-পীড়ন ও নির্যাতন চালাচ্ছিল।’
সেই অভ্যুত্থানের পর মিয়ানমারে নিজেদের ব্যবসা বিক্রি করে দেয় টেলিনর। ২০২২ সালের মার্চ মাসে সেখান থেকে কার্যক্রম গুটিয়ে নেয় সংস্থাটি। টেলিনর বলেছে, তদন্তকারীদের নিবিড়ভাবে সহযোগিতা করছে তারা।



