আগামী ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সংবর্ধনা পাচ্ছেন সাফ জয়ী নারী ফুটবল দল। ওই দিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন অথ্যাৎ গণভবনে সকাল ১০টার দিকে এই সংবর্ধনার অনুষ্ঠান আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সংবর্ধনার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ আগামী ৯ তারিখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ বাসভবনে সকাল ১০টায় সাফ জয়ী মেয়েদের সংর্বধনা প্রদান করবেন। সেটি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে। আমরা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।’
সংর্বধনা অনুষ্ঠানে নারী ফুটবল দলের খেলোয়াড়দের কোনো পুরষ্কার দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা এখনও কিছুই জানি না। তবে সেখানে যাওয়ার পর জানতে পারবো।’
এর আগে বয়সভিত্তিক নারী সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল টুনামেন্টে ভারতকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল। সে সময় সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পরে নারী ফুটবল দলের প্রত্যেক সদস্য ও কর্মকর্তার হাতে ১ লাখ টাকা ও উপহার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী।
বাংলাপেইজ/এএসএম



