রংপুরের বদরগঞ্জ উপজেলার হেমা শর্মাকে ভালোবাসে বিয়ে করেন ওই একই উপজেলার তরুণ শ্যাম সুন্দর রায়। কিন্তু বিয়েতে মত না থাকায় হেমাকে বিয়ের রাতেই নিয়ে চলে যায় তার পরিবার। দীর্ঘদিন স্ত্রীকে না পেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি।
রোববার (১৩ নভেম্বর) তার করা রিটের রায় দিয়েছেন আদালত। এ রায়ের মাধ্যমে দীর্ঘ ১০ মাস পর স্ত্রীকে ফিরে পেলেন শ্যাম সুন্দর।
আদালতে শ্যাম সুন্দরের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, হেমা ও শ্যামের দাম্পত্য জীবন ফিরে পাওয়ার লড়াইটা ছিল ব্যতিক্রম। চলতি বছর ১৩ জানুয়ারি তারা ভালোবাসার সম্পর্ককে বিয়েতে রূপ দেন। শ্যামের পরিবার এ বিয়েতে সম্মত থাকলেও পিতৃহীন হেমার মা-মামারা মেনে নেননি। তাই বিয়ের রাতেই হেমাকে পুলিশের সহায়তায় তুলে নিয়ে গিয়ে মামা গণেশের বাড়িতে আটকে রেখে নির্যাতন চালায় তার পরিবার।
এক পর্যায়ে ইচ্ছার বিরুদ্ধে ঢাকায় এনে আইন ও সালিশ কেন্দ্রের হেফাজতে ৫ মাস রেখে দেওয়া হয় হেমাকে। তারপর তাকে দিয়ে শ্যামের বিরুদ্ধে একাধিক মামলা করানো হয়। শ্যাম উপায় না পেয়ে স্ত্রীকে ফিরে পেতে হাইকোর্টে রিট দায়ের করেন।
বাংলাপেইজ/এএসএম



