দুটি অলিম্পিক সোনা আছে তার, দুটি সোনা আছে বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপেরও। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে কোনো বিশ্ব রেকর্ড ছিল না। এবার এক সপ্তাহের ব্যবধানে দুটি ভিন্ন দূরত্বের দৌড়ে বিশ্ব রেকর্ড গড়লেন ফেইথ কিপিগন। কেনিয়ার ২৯ বছর বয়সী এই অ্যাথলেট মেয়েদের ১৫ শ ও ৫ হাজার মিটার দৌড়ে নতুন বিশ্ব রেকর্ডের মালিক।
ফেইথের দ্বিতীয় বিশ্ব রেকর্ডটি এসেছে শুক্রবার প্যারিসে অনুষ্ঠিত ডায়মন্ড লিগে। মেয়েদের ৫ হাজার মিটার দৌড় শেষ করতে ১৪ মিনিট ৫.২০ সেকেন্ড সময় নিয়েছেন ফেইথ। এত দিন দ্রুততম ৫ হাজার মিটার দৌড়ের রেকর্ডটি ছিল লেতেসেনবেট গিদের।
ইথিওপিয়ার এই অ্যাথলেট ২০২০ সালে স্পেনের ভ্যালেন্সিয়ায় ৫ হাজার মিটার দৌড়েছিলেন ১৪ মিনিট ৬.৬২ সেকেন্ডে। তিন বছর স্থায়ী হওয়া রেকর্ডটি ফেইথ ভেঙে দেওয়ার মুহূর্তে ট্র্যাকেই ছিলেন গিদে। ফেইথের চেয়ে অনেকটা পিছিয়ে দ্বিতীয় হয়েছেন ১৪ মিনিট ৭.৯৪ সেকেন্ড সময় নিয়ে।
গিদেকে পেছনে ফেলে তারই রেকর্ড নিজের করে নেওয়ার বিষয়টি অবশ্য শুরুতে বুঝতে পারেননি ফেইথ।



