আসন্ন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।
সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।
হিরো আলম একতারা প্রতীক চেয়েছিলেন, সেটি তিনি পেয়েছেন।
এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত (নৌকা), জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন (ছড়ি), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল) ও তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ) প্রতীক পেয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৭ জুলাই ব্যালট পেপারের মাধ্যমে এই আসনের উপনির্বাচন হবে। নির্বাচন ভবন থেকে ভোট পর্যবেক্ষণের জন্য থাকবে সিসি ক্যামেরা।
গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের (ফারুক) মৃত্যু হলে আসনটি শূন্য হয়।



