আন্তর্জাতিক ডেস্ক: উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথে বিদেশযাত্রা করতে গিয়ে ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী।
জাতিসংঘের অভিবাসন পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আইওএমের সদরদপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সেখানে সংস্থাটির হিউম্যানিটেরিয়ান রেসপন্স অ্যান্ড রিকোভারি বিভাগের পরিচালক মারিয়া মোয়িতা বলেন, “বিগত বছরগুলোর তুলনায় ২০২৫ সালে এশিয়া অঞ্চলে অভিবাসনপ্রত্যাশীদের প্রাণহানির হার ছিল বেশি। শত শত রোহিঙ্গা এবং আফগান অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন গত বছর।”
সংবাদ সম্মেলনে মারিয়া মোয়িতা আরও বলেন, আপাতভাবে মনে হতে পারে যে অভিবাসনপ্রত্যাশীদের চাপ বিগত বছরগুলোর তুলনায় হ্রাস পেয়েছে, কিন্তু আদতে তা ঘটেনি। তবে সংঘাত, জলবায়ুগত পরিবর্তনের প্রভাব, শ্রমিক চাহিদা এবং বিভিন্ন দেশের পলিসি পরিবর্তনের কারণে অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে রুট পরিবর্তন করার প্রবণতা বাড়ছে।
সূত্র : আনাদোলু এজেন্সি



