Homeবাংলাদেশঅব্যাহতির আদেশ প্রত্যাহার চান রাঙ্গা

অব্যাহতির আদেশ প্রত্যাহার চান রাঙ্গা

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে নিজের অব্যাহতির আদেশে অখুশি নন বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, আমি আমার অব্যাহতির আদেশে অখুশি নই। তবে আমি আমার বহিষ্কার (অব্যাহতি) আদেশ প্রত্যাহার চাই। চেয়ারম্যানের সঙ্গে যুদ্ধ করে দলে থাকা যায় না।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বুধবার (১৪ সেপ্টেম্বর) মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি দেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুরে কীভাবে রাজনীতি করেন তা দেখে নেওয়ার হুমকি প্রসঙ্গে জানতে চাইলে রাঙ্গা বলেন, গতকাল (বুধবার) অব্যাহতির আদেশ পাওয়ার পর আমি একটু রাগান্বিত ছিলাম। এটা অস্বীকার করব না। আমি চেয়ারম্যানকে যে চ্যালেঞ্জ দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি। রংপুরেও আর কোনো ঝামেলা হবে না। সেটা গতকাল রাতেই বলে দিয়েছি।

তিনি বলেন, আমি কোনো অন্যায় করিনি। এটা বলার জন্য আজ এই সংবাদ সম্মেলনে ডেকেছি। আমি আমার বহিষ্কার আদেশে অখুশি নই। আমি চাই, দলটা যেন সুন্দরভাবে চলে, না ভেঙে যায়। দলটাকে ছোট করা ঠিক হবে না। প্রয়োজনে আমি নিজেই দলে থাকব না।

কেন আপনাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে— জানতে চাইলে রাঙ্গা বলেন, রওশন এরশাদকে সরিয়ে জিএম কাদেরকে সংসদের বিরোধী দলীয় নেতা করার বিষয়ে যে চিঠি দেওয়া হয়েছে তার প্রক্রিয়া সঠিক ছিল না। এটা আমি একটা টেলিভিশনকে বলেছিলাম, এজন্য আমাকে বহিষ্কার করা হয়েছে বলে মনে করছি।

চিঠি দেওয়ার প্রক্রিয়া সঠিক না থাকলে সেটা নিয়ে এতদিন পরে কেন কথা বলছেন— জানতে চাইলে বিরোধী দলীয় এ চিফ হুইপ বলেন, রওশন এরশাদকে সরিয়ে জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করার চিঠি দেওয়া পর তিনি (রওশন এরশাদ) আমাকে বলছেন— তুমি তো আমার সব সর্বনাশ করছ। তুমি তো সব চিঠিতে সই করেছ। তখন আমি উনাকে বলেছি, এটার সঙ্গে আমি নেই। প্রক্রিয়া যে সঠিক ছিল না, এটা আমি কোনো গণমাধ্যমে বলে দেব। এরপর আমি এ নিয়ে কথা বলেছি।

প্রক্রিয়া সঠিক না থাকলে কেন চিঠিতে স্বাক্ষর করেছিলেন— জানতে চাইলে রাঙ্গা বলেন, তখন স্বাক্ষর না করলে আমাকে বিরোধী দলীয় চিফ হুইফ থেকে সরিয়ে দেওয়া হুমকি দেওয়া হয়েছিল। একইসঙ্গে আগামী নির্বাচনে মনোনয়ন না দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।
বাংলাপেইজ/এএসএম

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments