Homeবাংলাদেশঅবশেষে যুবদল কর্মী শাওনের জানাজা সম্পন্ন

অবশেষে যুবদল কর্মী শাওনের জানাজা সম্পন্ন

দুই দফা জানাজার ওয়াক্ত পিছিয়ে অবশেষে মাগরিবের নামাজের পর যুবদল কর্মী শাওনের জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জানাজা পড়ান ওলামা দলের আহ্বায়ক মাওলানা নেছারুল হক।

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জুমার পর নয়াপল্টনে শাওনের জানাজা সম্পন্ন হবে। কিন্তু মরদেহ হস্তান্তরে দেরি হওয়ায় আসরের নামাজের পর সময় নির্ধারিত হয়। তখনও মরদেহ না পাওয়ায় জানাজা হয়নি। এরপর মাগরিবের নামাজের পর শাওনের জানাজা সম্পন্ন হয়।

শাওনের মরদেহ হস্তান্তরে দেরি হওয়ায় বিকেলে ৫টা থেকে শুরু করে ৬টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা।  এ সময় তাদের অভিযোগ ছিল, সরকারের শীর্ষ মহলের নির্দেশে মরদেহ হস্তান্তর করতে দেরি করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানাজার আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শাওনের রক্ত আমাদের নতুন করে শপথ নেওয়াচ্ছে। আমরা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে তার আত্মত্যাগের প্রতিদান দেব। শাওন যে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে, মানুষের অধিকারের জন্য প্রাণ দিয়েছে, ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছে, তা আদায় করার জন্য ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষ এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।

তাছাড়া শাওন ‘হত্যার’ প্রতিবাদে শনিবার বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি হবে বলেও জানান তিনি।

বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ ও জানাজাকে কেন্দ্র করে নয়াপল্টনে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি।

উল্লেখ্য, বুধবার (২১ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ঘটে। এ সময় গুরুতর আহত হন যুবদল কর্মী শাওন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে তার মৃত্যু হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments