বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১ হাজার ২০০ টাকা করা হয়েছে। যা এত দিন বিক্রি হচ্ছিল ১ হাজার ২৩৫ টাকা।
রোববার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।
এর আগের মাসে ১২ কেজি এলপিজিতে দাম ১৬ টাকা বেড়েছিল।
অক্টোবরের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম জুমে নতুন এই দামের ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান আবদুল জলিল।
বাজারে দাম কার্যকর না হওয়ার বিষয়ে আবদুল জলিল বলেন, এ ব্যাপারে ভোক্তা যদি সরাসরি কমিশনে অভিযোগ করেন, তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
গত বছরের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।
বিইআরসি জানায়, সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বেসরকারি খাতে ভোক্তাপর্যায়ে প্রতি কেজি এলপিজির নতুন দাম ১০০ টাকা ১ পয়সা। এ হিসাবে বিভিন্ন পরিমাণের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে। এ ছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৫৫ টাকা ৯২ পয়সা। যা আগে ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা।



