‘বিশ্ববাসী বিশ্বাস করে সব ক্ষেত্রে ডিজিটাল হলে পৃথিবী থেকে অন্তত ৮০ ভাগ দুর্নীতি কমে যাবে’ বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বুধবার (৯ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. শামসুল আলম বলেন, জমিসংক্রান্ত কাগজপত্র তুলতে সাধারন মানুষকে যে ভোগান্তিতে পড়তে হয়, ডিজিটাল হলে মানুষকে আর ভোগান্তিতে পড়তে হবে না। বাংলাদেশ ডিজিটালাইজেশনের দিকে অনেক এগিয়েছে। বিধবা ও বয়স্ক ভাতাসহ সকল ভাতা এখন ঘরে বসেই মোবাইলে পাওয়া যাচ্ছে।
তিনি আরও বলেন, জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠায় ডিজিটাল প্রযুক্তি এবং তরুণ জনগোষ্ঠীর মধ্যে সেতুবন্ধন স্থাপনের জন্য কার্যকর কর্মসূচি গ্রহণ অপরিহার্য। ডিজিটাল সংযুক্তি হচ্ছে ডিজিটাল বাংলাদেশ তৈরির অন্যতম ভিত্তি। এসব সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপের কারণে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওরাঙ্গজেব, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-ইমরান খান প্রমুখ।



