নিজস্ব প্রতিবেদক: থাইল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ থিমের ৭-এ-সাইড -নেশন্স কাপে এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তৃতীয় স্থান অর্জন করেছে রয়েল অরেঞ্জ)।
১০টি দেশের অংশগ্রহণে আয়োজিত আন্তর্জাতিক এই টুর্নামেন্টে শুরু থেকেই দারুণ পারফরম্যান্স দেখায় বাংলাদেশের দলটি। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করে রয়েল অরেঞ্জ। দ্বিতীয় ম্যাচে মায়ানমারের বিপক্ষে ১-০ গোলে পরাজিত হলেও দলটি দ্রুত ঘুরে দাঁড়ায়।
পরবর্তী ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ গোলের জয় এবং স্কটল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ৯-০ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ।
সেমিফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হয়। পরে টাইব্রেকারে গড়ানো ম্যাচে ৩-২ ব্যবধানে হেরে ফাইনালের স্বপ্ন ভাঙে বাংলাদেশের দলের।
তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে আবারও শক্তিশালী যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শেষ করে তৃতীয় স্থান অর্জনের গৌরব নিয়ে।
টুর্নামেন্টে ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল ছিলেন বাংলাদেশের ফুটবলার আরমান হোসেন, যিনি আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেন।
বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল হিসেবে রয়েল অরেঞ্জের এই অর্জন আন্তর্জাতিক পর্যায়ে দেশের ফুটবলের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে।



