আগামী ১১ ফেব্রুয়ারী মধ্যে উচ্চ মাধ্যমিক (এইচএসএসি) ফলাফল প্রকাশ হবে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
এ বছর এইচএসসি, আলীম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১২ লাখ ৩ হাজার ৪০৭ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৯৬ ছাত্র এবং পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ ছাত্রী।
জানা গেছে, নয়টি সাধারণ শিক্ষা বোর্ড , একটি মাদ্রাসা ও একটি কারিগরি শিক্ষা বোর্ড এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন কাজ শেষ করেছে। বর্তমানে ফলাফল প্রকাশের জন্য অন্যান্য কাজ শুরু করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি পরীক্ষার পরবর্তী ৬০ দিন পূর্ণ হবে। ১০ ফেব্রুয়ারি শুক্রবার হওয়ায় এ ফলাফল আগামী ১১ ফেব্রুয়ারি প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
রেওয়াজ অনুযায়ী, দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে ফলাফলের কপি তুলে দিবেন শিক্ষামন্ত্রী। গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুটি কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর শিক্ষামন্ত্রী সেখানেই সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। প্রধানমন্ত্রী যেদিন সম্মতি দিবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে।
এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সময়ের আলোকে বলেন, এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। ফলাফল প্রকাশের পরবর্তী প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে এই ফল প্রকাশ করা হবে।
তিনি বলেন, রীতি অনুযায়ী পাবলিক পরীক্ষা শেষে পরবর্তী ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। ফলাফল প্রকাশ করতে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এই প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে।
বাংলাপেইজ/এএসএম



